নিউজ ডেস্ক::দেশের বিভিন্ন জেলায় দুই দিনে সংঘটিত হয়েছে একের পর এক হত্যাকাণ্ড। পারিবারিক বিরোধ, জমিজমার দ্বন্দ্ব, ছিনতাইয়ের অভিযোগ থেকে শুরু করে দুর্বৃত্তদের হামলা—বিভিন্ন ঘটনায় নিহত হয়েছেন নারী-পুরুষ মিলিয়ে অন্তত ১২ জন। এ ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
কুমিল্লা
নিজ বাসায় পড়ে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আক্তার এবং তাঁর মা তাহমিন বেগমের মৃতদেহ। সুমাইয়া লোক প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। ঘটনাটি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
বগুড়া
পেট্রলপাম্প কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন কর্মচারী রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) কে আটক করেছে পুলিশ। তাঁকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভোলা
ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম হক নোমানীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় ঘটে।
জামালপুর
মেলান্দহ উপজেলায় চোর সন্দেহে রিপন মিয়া (৪০) নামে এক যুবককে গাছে বেঁধে রাতভর পিটিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
চট্টগ্রাম (পূর্ব চান্দগাঁও)
স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে স্বামী আকিব হোসেন (৩২) খুন হয়েছেন। ঘটনায় তাঁর স্ত্রী ও প্রতিবেশী সাইফুল ইসলাম আটক আছেন।
চট্টগ্রাম (সাতকানিয়া)
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন দিনমজুর নুরুল কবির (৪০)।
শেরপুর
সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে দোজা পীরের পরিত্যক্ত দরবার ভবন থেকে উদ্ধার করা হয় রিনি বেগম (৩২) নামে এক নারীর মরদেহ।
রাজশাহী
জমিজমা নিয়ে বিরোধে চাচাতো ভাইদের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আবু বকর মণ্ডল (৪০)।
কিশোরগঞ্জ
করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের সালিশি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন মজনু মিয়া (৩০)। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম (বাকলিয়া)
চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন শাহজাহান মিয়া (৩৫) নামে এক গ্যারেজ মালিক।
নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন (২৪) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
মাত্র দুই দিনে সারাদেশে ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।
সৌরভ দৈব 









